পুজোর জামা

পুজোর ঠিক আগে আগে কেনা জামা আর পুজোর-জামার মধ্যে একটা পার্থক্য রয়ে গেছে এখনো।
            পুজোর সেই "তোলা জামা", যা নাগালের বাইরেই থাকতো, পুজোর পরেই তুলে রাখা হতো.😢 কোনো ভালো অনুষ্ঠানে গেলে তবেই আবার সেটা পরতে পারার সৌভাগ্য হবে। পুজোর পর আবার যেদিন সেটার নাগাল পাওয়া যেত, ওহ্ ! সেকি আনন্দ ! 😊
             প্রাইমারী জীবনে আমার একটা করে পুজোর জামা হতো। বেশ ঝকঝকে-সুন্দর "তোলা জামা" একখানা।  👗 কাকা-জ্যাঠা-পিসির বালাই ছিলো না। কাজেই ওই একখানা "তোলা জামা"তেই আমি খুশি। 😊 ঠাকুর দেখার জন্যে আমার যতটা আগ্রহ ছিল, বলা বাহুল্য ঠাকুর দেখানোর প্রতি বাবার ততটা আগ্রহ ছিল না।  তাছাড়া পাড়াগাঁয়ে এমন কিই বা ঠাকুর হয় !বেকার ওইসব ভিড় ঠ্যালার কোনো মানে নেই। 😠 কাজেই আমার নতুন জামা দশমী অবধি নতুনই রয়ে যেত। 😞 দশমীতে মামার বাড়ি যাওয়া হতো বিজয়ার প্রণাম সারতে। বেশ বিকেল বিকেল বেরোনো হতো। ওইদিনই গ্রামের সব ঠাকুর দেখে, স্টুডিওতে গিয়ে ফ্যামিলি ফটো তুলে, মিষ্টির হাঁড়ি হাতে নিয়ে মামার বাড়ি। 😊
          তারপর যখন প্রাইমারীর গণ্ডি পেরিয়ে 'বড় স্কুল'-এ পড়তে পড়তে বড় হয়ে উঠছি, তখন শুরু হলো বন্ধুদের সঙ্গে ঠাকুর দেখতে বেরোনো। কবে কোন জামা পরতাম, একই জামা কদিন পরতাম এসব কিছুই মনে পড়ে না  আর। শুধু এখনো মাঝে মাঝে দশমীতে তোলা ফ্যামিলি ফটো দেখে মনে পড়ে কোন বছরের পুজোর জামা কোনটা ছিল।
           বড়দার বিয়ে হবার পর বাবার শ্বশুরবাড়ির সমান্তরালে বড়দারও একটা শ্বশুরবাড়ি হলো। কাজেই ফ্যামিলি ফটোর এক  মেম্বার কমে যাওয়ায় ক'বছর ছবি তোলা বন্ধ রইল। তারপর আবার শুরু হলো পুজোর ছবি তোলা, মেম্বার চলে গেলে তো আর পরিবার নস্যাৎ হয়ে যায় না ! কিন্তু মাঝের ওই ক'বছরের ছবিও নেই. আর আমার পুজোর জামার স্মৃতিও না। 😞
           একবার এক অর্কুটের বন্ধু জিজ্ঞেস করেছিল, কি রে পুজোয় কটা জামা হলো ? আমি খুব স্বভাবিক ভাবে বললাম ; পুজোয় তো আমার একটাই জামা হয়, সেটা এখনো কেনা হয়নি।  বেচারা ছোটবেলা থেকে চোদ্দগুষ্টির চোদ্দটা জামা পেয়ে বড় হয়েছে. শুনে তার চোখে জল আসার জোগাড়। 😢 ভাবছিল কি করে পুজোয় আমায় অন্তত একটা জামা গিফ্ট করা যায়।  😆
             আমার কাছে একটা পোষাক পুজোর জামা হয়ে ওঠে তখনই যখন বাবা পুজোর আগে আমাকে সঙ্গে নিয়ে গিয়ে নিজে পছন্দ করে কিনে দেয়, আর স্টুডিওতে তোলা পুজোর ছবিতে সেটা বন্দী হয়ে থাকে।
            বয়েস বাড়ার সঙ্গে সঙ্গে আমার আলমারিতে ভিড় বেড়েছে বড়ই ।  কিন্তু পুজোর জামারা আর আসেনা সেই ভিড়েতে। বাবার অবসরের পর আমার আর পুজোর জামা হয়নি একটাও। কারণ , পুজোর সময় আমাকে দিলে আরও অনেককেই দিতে হয়, ততটা খরচের বোঝাটা খানিক ভারী। আমার আলমারি নতুন শাড়ির গন্ধে ভরা থাকে. কিন্তু পুজোর জামাটা আর আসেনা বছর বছর পর।

অক্টোবর ২৮,২০১৬

Comments

Popular posts from this blog

অতঃকিম : ঘোড়ার ডিম ২

আট বছর আগের একদিন

ও মাই ঘড ৭